শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৫

বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে ওবামা - এমন অসহিষ্ণুতা দেখলে গান্ধী আঘাত পেতেন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বৃহস্পতিবার বলেছেন, ভারতের সাম্প্রতিক ধর্মীয় ‘অসহিষ্ণুতার’ ঘটনাগুলো দেখলে দেশটির স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী আঘাত পেতেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বার্ষিক ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে ওবামা এ মন্তব্য করেন। খবর আইএএনএস, এএফপি ও রয়টার্সের।
অনুষ্ঠানে বক্তব্যে গত মাসে ভারত সফর করা ওবামা বলেন, ‘দেশটি অবিশ্বাস্য, সুন্দর এবং অসামান্য বৈচিত্র্যে ভরপুর। কিন্তু সেখানে গত কয়েক বছরে সব ধর্মীয় সম্প্রদায়ই কখনো কখনো ভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষের আক্রমণের শিকার হয়েছে। ...এগুলো অসহিষ্ণু কার্যকলাপ, যা ভারতের স্বাধীনতায় অবদান রাখা গান্ধীজিকে আহত করত।’
ওবামা আরও বলেন, মানুষের ইতিহাসে মানবতা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। তাঁর দেশেও (যুক্তরাষ্ট্র) দাসপ্রথা এবং রাষ্ট্রীয় ও স্থানীয় আইনে বর্ণবাদী বৈষম্যকে ধর্মের নামে প্রায়ই সমর্থনযোগ্য বিবেচনা করা হতো।
গত মাসের শেষ দিকে ভারত সফরের সময় এক ভাষণে ধর্মীয় সহিষ্ণুতা ও স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন ওবামা। তবে ক্ষমতাসীন বিজেপিকে উদ্দেশ করে তিনি ওই বক্তব্য দিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে, তা জোরালোভাবে খণ্ডন করেছে হোয়াইট হাউস।
ওবামা-দালাই লামা কথা হয়নি: চীনের স্বশাসিত অঞ্চল তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামাও বৃহস্পতিবারের ওই প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে ওবামার সঙ্গে তাঁর দেখা হলেও আনুষ্ঠানিক কথাবার্তা হয়নি। কিন্তু এটুকুতেই চরম ক্ষোভ প্রকাশ করে চীন বলেছে, এমন কাজ তাদের ‘অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো’র সমতুল্য। দালাই লামা ধর্মীয় ছদ্মবেশের আড়ালে চীনবিরোধী বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে লিপ্ত বলে চীন অভিযোগ করে থাকে।
খ্রিষ্টানদের বিক্ষোভ: ভারতের ধর্মীয় সহিষ্ণুতা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের উদ্বেগ প্রকাশের প্রেক্ষাপটে গির্জায় হামলার প্রতিবাদে কয়েক হাজার খ্রিষ্টান বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করেন। রাজধানীতে একের পর গির্জায় হামলার পরও সরকার নিষ্ক্রিয় রয়েছে—এই অভিযোগ তুলে তাঁরা প্রতিবাদ করেন। এ সময় কয়েক শ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। নয়াদিল্লিতে গত দুই মাসে পাঁচটি গির্জায় হামলা চালিয়ে ভাঙচুরসহ বিভিন্নভাবে ধর্মীয় স্থানের পবিত্রতা নষ্ট করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন