স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপাতত রাত ৯টার মধ্যে যাত্রী পরিবহনকারী বাস-কোচকে চলাচল করতে হবে।
তিনি বলেন, রাতের বেলায় সড়ক-মহাসড়কের অধিকাংশ এলাকা ফাঁকা থাকায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে একমত হয়ে নিরাপত্তাজনিত কারণে স্বল্পসময়ের জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে ২৪ ঘণ্টা আগের মতোই সারাদেশে পণ্যবাহী পরিবহন চলাচল করবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথ সভা শেষে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সভাপতিত্বে পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও শ্রমিকদের ফেডারেশন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যকরী সভাপতি ওসমান আলীর নেতৃত্বে মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান, ডিআইজি হাইওয়ে মল্লিক ফকরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিআইজি মিলি বিশ্বাস, বিজিবি অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার ফরিদ আহমদসহ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার শিগগিরই রাতের বেলায় সারাদেশের সড়ক-মহাসড়কের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। পরিবহন মালিক ও শ্রমিকগণ রাতে যাত্রীবাহী বাস-কোচ চালাতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ১৪ দল পরিবহনে অগ্নিকান্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদকে মোকাবেলায় রাজনৈতিকভাবে উদ্যোগ গ্রহণ করেছে। যার ফলে জনগণ সন্ত্রাসী তৎপরতাকে রুখে দিতে ঘুরে দাঁড়িয়েছেন। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের হাতে-নাতে আটক করে আইন-শৃংখলা বাহিনীর নিকট সোপর্দ করছে।
তিনি বলেন, দেশের কয়েকটি স্থানকে রাতের বেলা যাত্রীবাহী বাস-কোচ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃংখলা বাহিনী তৎপর রয়েছে।
তিনি বলেন, নৈরাজ্যকর ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পেট্রোল বোমাবাজি করা হচ্ছে। যারা এসব সন্ত্রাসী তৎপরতার সাথে জড়িত তারা চায় বাংলাদেশকে অচল করতে।
তিনি বলেন, নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সড়ক-মহাসড়কে অবস্থান গ্রহণ করেছে। তারা তাদের অবস্থানে থেকে সড়ক-মহাসড়কের নিরাপত্তা বিধান অব্যাহত রাখবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনপ্রতিনিধিগণ এলাকায় কাজ করছেন, ফলে পরিস্থিতি উন্নত হচ্ছে। শিগগিরই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে।
প্রতিমন্ত্রী বলেন, আনসার বাহিনী মোতায়েন করায় রেলওয়ের নিরাপত্তায় উন্নতি হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন