শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৫

‘হরতাল-অবরোধ প্রত্যাহার করলেও সংলাপের কোন গ্যারান্টি নেই’

ঢাকা: বিরোধী জোট চলমান অবরোধ-হরতাল প্রত্যাহার করলেও সংলাপের কোন নিশ্চয়তা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। আজ শনিবার সন্ধ্যার পর বিবিসির বাংলাদেশ সংলাপে এক প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, বিরোধী জোটকে আগে হরতাল অবরোধ প্রত্যাহার এবং সহিংসতা বন্ধ করতে হবে। তারপরই কেবল সংলাপের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে তিনি বলেন, হরতাল অবরোধ প্রত্যাহার হলেও সংলাপের কোন গ্যারান্টি নেই।
আজ শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপের ১০৩তম পর্বে প্যানেল সদস্য থেকে তিনি এ মন্তব্য করেন। এর আগে তাকে দর্শকের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে, আর কতদিন নিরাপত্তাহীনতার হুমকির মধ্যে জীবন যাপন করতে হবে এবং বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের কোন পথই কি খোলা নেই ? এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা এইচ টি ইমাম ছাড়াও বাংলাদেশ সংলাপের এবারের পর্বে প্যানেল সদস্যদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্টাস্ট্রির সভাপতি হোসেন খালেদ।
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা অভিযোগ করে বলেন, চলমান সহিংসতায় দেশীয়দের সাথে বিদেশী সন্ত্রাসীদেরও যোগসাজশ রয়েছে। বিএনপি জোটের সাথে সংলাপের বিষয়ে তিনি বলেন, আগে তারা অবরোধ প্রত্যাহার করুক। সহিসংতা বন্ধ করুক। তারপর আলোচনার বিষয়টি দেখা যাবে।
চলমান সহিংসতা দমনে সন্দেহভাজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা দেশকে আরও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে কিনা এমন প্রশ্নর উত্তরে এইচ টি ইমাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক সংকটের সমাধান না হলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে এমন আশঙ্কার সাথে একমত কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকার অনমনীয় থেকে ক্ষমতা আঁকড়ে থাকতে চাইলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে সংকটের কোন সমাধান হবেনা। ঢাকার বাইরে গণ-বিস্ফোরণ হয়ে গেছে। জঙ্গিবাদ আর জামায়াত যা-ই বলেন তা দিয়ে মুক্তি আসবেনা। রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান না হলে গৃহযুদ্ধ কেন,আমাদের অস্তিত্বই বিপন্ন হবে।
সংলাপে অংশ নিয়ে অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত জেলা উপজেলা পর্যায় থেকে নানা ধরনের দু:সংবাদ আসছে। তবে চলমান সমস্যার সমাধান হতেই হবে বলে মন্তব্য করেন তিনি।
অপর এক প্যানেল সদস্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্টাস্ট্রির সভাপতি হোসেন খালেদ বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তণ আসতেই হবে। হরতাল বা অবরোধের মতো যেসব কর্মসূচি দেশকে আঘাত করে সে ধরনের কোন কর্মসূচির কোন সুযোগ থাকা উচিত নয়। তিনি বলেন, ফোর্স ব্যবহার করে দীর্ঘমেয়াদী সমাধানে আসা কঠিন হবে। তাই সংলাপে বসা উচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন